বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বহাল থাকলে তাদের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হবে না। এ পরিস্থিতিতে এলডিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না-ও নিতে পারে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং উত্তরাঞ্চলের জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যরা বহাল থাকলে তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই। এ অবস্থায় এলডিপি ওই নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে ভাবতে হচ্ছে।
তিনি আরও বলেন, সংবিধানসম্মত গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করা প্রয়োজন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রদূত, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ওই কমিটির সুপারিশে নিয়োগ দেওয়া উচিত।
অলি আহমদ বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই দেশব্যাপী জনমত গড়ে তোলার কাজ চলছে। আমাদের লক্ষ্য কোনো পদ, সুবিধা বা ক্ষমতা অর্জন নয়; বরং এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবতা, সুশাসন ও শান্তি থাকবে এবং মানুষ নিরাপদে নিজ নিজ কাজ করতে পারবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, রংপুরে এসে জনগণকে বিএনপিকে একটি ভোট এবং সংস্কারের জন্য একটি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই বিষয়টি স্মরণ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সংসদে বিল আনার উদ্যোগ নিতে হবে।