শেখ নজরুল ইসলাম , তালা
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে পাটকেলঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি পরিবহন বাস। রাস্তা পার হতে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং বাসে থাকা প্রায় ৫১ থেকে ৬২ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার ( রাত ৮টার সময় ) পাটকেলঘাটা বাজার মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০ পরিবহন টি) পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তার সামনে চলে আসেন। চালক তাকে রক্ষা করার চেষ্টা করলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসচাপায় ওই পথচারীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক, তার বাড়ি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে।
দুর্ঘটনার পরপরই বাসটিতে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা ভেতরে আটকা পড়েন। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা। তারা উদ্ধার কাজের সার্বিক তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, “বাসটিতে ১১ দলীয় লংমার্চে অংশগ্রহণকারী আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা, তা বাসটি পুকুর থেকে উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যাবে।”
বর্তমানে দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারে কাজ চলছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।