১১ দলীয় জোটের সাত দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না তাঁরা। তবে জনগণের অধিকার উপেক্ষা করা হলে বিরোধী দল বসে থাকবে না।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি মেনে নেওয়া হলে এক দফার আন্দোলনের প্রয়োজন হবে না। কিন্তু সরকার দাবিগুলো মেনে না নিলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা। এখন পর্যন্ত তাঁদের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
গণভোটের ফল প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত ফেব্রুয়ারিতে জনগণ দুটি ভোট দিয়েছিল। এর একটিতে কারচুপির মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও সরকার সেই জনমতকে সম্মান জানাচ্ছে না এবং রায় বাস্তবায়ন করছে না।
তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে ভবিষ্যতে আর লংমার্চের প্রয়োজন হবে না। অন্যথায় ঢাকায় আন্দোলনে যোগ দিতে জনগণকে আহ্বান জানানো হবে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় ও বাকশালী শাসনের দিকে নিয়ে যাচ্ছে।
পথসভা শেষে রাত ১০টার দিকে লংমার্চের বহর ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।