আন্দোলন এক দফায় রূপ নেওয়ার আগেই ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত দফার চেয়ে এক দফার ওজন অনেক বেশি। এর চাপে পড়লে সরকার আর ঘুরে দাঁড়াতে পারবে না।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোরের মুরলী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এক দফার আন্দোলনে যাওয়ার পরিস্থিতি তৈরি করবেন না। সরকারকে ভালোয় ভালোয় সাত দফা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সাত দফা দাবি বাস্তবায়ন করা হলে তাঁরা আর লংমার্চ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, দেশে কেউ আবার স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার করে তিনি বলেন, প্রয়োজনে জীবন দেবেন, তবু অন্যায়ের সঙ্গে আপস করবেন না।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া লংমার্চের বহর শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও রূপসা সেতু হয়ে খুলনা অতিক্রম করে যশোরে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয় শতাধিক গাড়ির বহরটি শহরে প্রবেশ করে।