জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জাবোধ ও ব্যক্তিত্ব থাকত, তাহলে তিনি জনসম্মুখে আর আসতেন না।
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ইতিহাসে কোনো স্বৈরশাসকের পতনের পর তাকে আর ক্ষমতায় ফিরে আসতে দেখা যায়নি। তিনি দাবি করেন, বাংলার ইতিহাসে লক্ষণ সেন দেশত্যাগের পর আর ফিরে আসেননি এবং গত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো আর কেউ এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাননি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জাবোধ ও ব্যক্তিত্ব থাকত, তাহলে তিনি জনসম্মুখে আসতেন না। এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে আরও কিছু ব্যক্তিগত মন্তব্য করেন।
শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে সারজিস আলম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তবে স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলে তিনি ধীরে ধীরে স্বৈরতন্ত্রের ভিত্তি তৈরি করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে স্বৈরাচারের বীজ ১৯৭২ সালের ১০ জানুয়ারিই বপন করা হয়েছিল।
গণমাধ্যম প্রসঙ্গেও মন্তব্য করেন সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে দেশের গণমাধ্যমের ওপর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল। কোন সংবাদ প্রকাশ হবে, কীভাবে উপস্থাপন করা হবে এবং বিভিন্ন ঘটনার বর্ণনা কী হবে—এসব বিষয়ে সরকার প্রভাব বিস্তার করত বলেও দাবি করেন তিনি।