জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের তরুণদের জন্য দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা না গেলে ভবিষ্যতে বেকারদের ক্ষোভ নতুন গণআন্দোলনের রূপ নিতে পারে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুই বছর পরও সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি। তিনি দাবি করেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে বলেন, দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। উল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় বেকারত্ব ও লোডশেডিংয়ের সমস্যা এখনও বিদ্যমান বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এনসিপির এই নেতা আরও বলেন, রাজধানীকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা গ্রহণের ওপর তিনি জোর দেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।