শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে কেউ পালায়নি। অন্যায় করলে বিএনপিকেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন চত্বরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পতনের পর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ আর ফিরে আসেনি। বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে আর কেউ পালিয়ে যায়নি। তার যদি লজ্জা ও ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে আর কোনোদিন কথা বলতেন না; ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনকভাবে পরাজিত হয়নি। ব্রিটিশ আমলেও ব্রিটিশরা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি।’
আগামীর রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বিএনপি, জামায়াতসহ আরও অনেক দল আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। শুধু আলাদা দল করি বলে তাদের সমালোচনা করব এ ধরনের রাজনীতি আমরা করতে চাই না। তবে তারা যদি কোনো অন্যায় বা অপকর্ম করে, তাহলে মনে রাখতে হবে, আমরা জুলাইয়ের সেই সন্তান, যারা গুলির সামনে দাঁড়িয়েছিলাম। অন্যায়, অপকর্ম করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’
এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা এবং এনসিপির বিভিন্ন রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
এর আগে সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে জুলাই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি কলোনী মোড় ও মেডিকেল সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।