জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আন্দোলন এখনও শেষ হয়নি। তার দাবি, আন্দোলনের মূল লক্ষ্য ও চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “জুলাইয়ের লড়াই যদি সত্যিই শেষ হয়ে যেত, তাহলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার মতো ঘটনা ঘটত না। এমনকি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরার কথা বলার সাহস দেখাতে পারতেন না।”
তিনি আরও বলেন, যে রাজনৈতিক দল অন্য একটি দেশের আশ্রয়ে রয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে, তাদের রাজনীতি করার বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।
সমাবেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন সারজিস আলম। তিনি বলেন, যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু গোপনে এর সুবিধা নেন, তারা জনগণের নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার রাখেন না।
দেশের বিদ্যমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এই পচে যাওয়া ব্যবস্থা পরিবর্তন না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তার মতে, ন্যায়-অন্যায়ের স্পষ্ট অবস্থান নিশ্চিত করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যেই দেশের দৃশ্যমান পরিবর্তন সম্ভব।