গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, বিরোধী দলগুলোকে গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নিতে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকারকে গণভোট বাস্তবায়নে বাধ্য করবেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নীরব রয়েছে। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমির ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেওয়া হবে না।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শুধু বক্তব্য নয়, তিস্তা নিয়ে বাস্তব উদ্যোগ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
কৃষকদের সমস্যার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আলু সংরক্ষণসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে সুযোগ পেলে ১১ দল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সরকার গঠন করবে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।