জনকল্যাণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ছয় দফা বাস্তবায়ন না হলে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের ‘চরম অদক্ষতা’ স্পষ্ট হয়ে উঠেছে। তার দাবি, জনগণের ৭০ শতাংশ গণরায় সরকার অমান্য করেছে। ফলে সরকারের প্রতি জনগণের আর আস্থা নেই।
ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আন্দোলন এক দফায় রূপ নেবে। আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে এনসিপির এই নেতা বলেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে শহীদদের আকাঙ্ক্ষার এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চ কর্মসূচির আয়োজন করে।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম,
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।