জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি অতীতে বিভিন্ন গণআন্দোলন থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জনগণের দাবির সঙ্গে প্রতারণা করেছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল জনগণের অন্যতম প্রধান দাবি। ওই ব্যবস্থার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও পরে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে গণভোট, সংস্কার ও জুলাই সনদের কারণে বিএনপি রাজনৈতিক সুযোগ পেয়েছে। তবে এখন তারা গণভোটের রায়, ৩১ দফা, জুলাই সনদ ও গণতান্ত্রিক প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে বলে দাবি করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংকট, কর্মসংস্থানের অভাব ও অর্থনৈতিক সংস্কারের ঘাটতি রয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কার কার্যক্রমে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বিচার প্রক্রিয়ার কথা উল্লেখ করে বক্তব্য দেন এবং রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।