বর্তমান সরকার কোনো জোরজবরদস্তির মাধ্যমে নয়, বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ ও ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না—আইনের আওতায় সবাইকে জবাবদিহি করতে হবে।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অ্যাবের নেওয়া পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, দুই ধাপে কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।