ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ বা অবমূল্যায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আবিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে বর্তমান পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেতেন না। তার দাবি, আন্দোলন ব্যর্থ হলে তিনি এবং আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই চরম পরিণতির মুখে পড়তে পারতেন। তিনি বলেন, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্নে তিনি রাজনীতি করেন এবং তার কাছে দলীয় পরিচয়ের আগে বাংলাদেশই অগ্রাধিকার।
তিনি আরও বলেন, জুলাই ছিল বাংলাদেশের পরিবর্তন, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ কারণে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি বলে তিনি মনে করেন এবং এ বিষয়ে সরকারের উদ্যোগ প্রত্যাশা করেন।
আন্দোলনে নিহতদের স্মরণ করে আবিদুল ইসলাম বলেন, সুযোগ পেলেই তিনি শহীদদের কবর জিয়ারত করেন। তাদের আত্মত্যাগ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানকে অবমূল্যায়নের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান ছাত্রদল নেতা। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয় এবং এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, জুলাই দেশের ঐক্য, গণতন্ত্র ও রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।