পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে লাইসেন্স করা শটগান হাতে নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পীকে’ মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী পৌর শহরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরার অভিযোগ ওঠে বাপ্পীর বিরুদ্ধে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
বাপ্পীর দাবি, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের বিরুদ্ধে ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি মাথায় কাফনের কাপড় বেঁধে এবং হাতে লাইসেন্স করা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিলেন।
ঘটনার পর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক তৈরির অভিযোগে পুলিশ বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাকে হেফাজতে নেয়।
জুবায়ের হোসেন বাপ্পী ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থক এবং নিজেকে সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। তবে ছাত্রদলে তিনি কোন পদে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে শটগান নিয়ে শহরের কলেজ রোডের বাড়ি থেকে বের হন বাপ্পী। পরে তিনি জিরো পয়েন্ট রেলগেট এলাকায় যান। তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন ছিলেন বলে জানা গেছে।
বাপ্পী বলেন, কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দেওয়ায় তাদের চ্যালেঞ্জ জানাতে তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিলেন। পরে সন্ধ্যায় তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান।
এদিকে বাপ্পী থানায় অবস্থান করছেন—এ খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত-শিবিরের সমর্থকেরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
মেহেদী হাসানের অভিযোগ, বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বাপ্পীকে গ্রেপ্তারের পাশাপাশি তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।
পরে মধ্যরাতে বাপ্পীসহ তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর ডিবি পুলিশ পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।