২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের কঠোর সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে বলেন, “এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়।”
বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। এজন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করারও আহ্বান জানান।
শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য আরও অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এবতেদায়ি মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের প্রস্তাব দেন।
কৃষকদের জন্য স্বল্পমূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং রেল যোগাযোগ সম্প্রসারণের দাবিও জানান তিনি। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত ও অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট নীতিমালা জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান সংসদ সদস্য আমির হামজা।