লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভা শুরুর আগেই যুক্তরাজ্যপ্রবাসী কিছু বাংলাদেশি বিক্ষোভে অংশ নেন। একই সময়ে এনসিপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (১৬ জুন) বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় আটক তিনজনের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্যও দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা একটি পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এদিকে, এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছেন। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি এবং ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।