জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনকল্যাণমূলক নয়; বরং এটি ক্ষমতাসীনদের দলীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটি প্রকৃত অর্থে কোনো বাজেট নয়; বরং দলীয় লোকজনের সুবিধা নিশ্চিত করার একটি গেজেট। এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম অব্যাহত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা থাকা সত্ত্বেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলে দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে স্বাভাবিক ও ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে।
তিনি দাবি করেন, তার দল চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতিফলন এ বাজেটে অনুপস্থিত। এ কারণেই তিনি বাজেটের সমালোচনা করছেন বলে উল্লেখ করেন।