শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে ২০১৩ সালের ৫ মে’র সহিংসতা ও হতাহতের বিতর্ক। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এক টকশোতে দেওয়া বক্তব্যে বিবিসির এক সাংবাদিককে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (৮ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি দাবি করেন, শাপলা চত্বরে হতাহতের ঘটনা ঘটেছিল এবং তিনি নিজেও সেদিনের কিছু পরিস্থিতির সাক্ষী ছিলেন।
ব্যারিস্টার শাহরিয়ার বলেন, সেদিন তিনি ঘটনাস্থলে পানি পাঠিয়েছিলেন এবং সন্ধ্যার পর সেখানে একটি লাশ দেখতে পান। এরপর তিনি আর সেখানে থাকতে পারেননি বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গণমাধ্যম ওই ঘটনার বাস্তবতা অস্বীকার করছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিবিসির এক সাংবাদিককে উদ্দেশ করে ‘জন্মের ঠিক নেই’ মন্তব্য করেন এবং তাকে ‘র’-এর দালাল বলেও আখ্যা দেন। এছাড়া বিবিসিকে তিনি “মিথ্যাচারের ইনস্ট্রুমেন্ট” হিসেবে উল্লেখ করেন। তার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
শাপলা চত্বরের ঘটনার প্রকৃত তথ্য ও হতাহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক রয়েছে। বিভিন্ন পক্ষ এ বিষয়ে ভিন্ন ভিন্ন দাবি করে আসছে।