রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিইসি। এ সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আগে আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, সংসদ অধিবেশন চলমান থাকলে এক ধরনের প্রক্রিয়ায় এবং অধিবেশন না থাকলে ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে সিইসি জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সম্পর্কিত কোনো বিষয় বৈঠকে আলোচনায় আসেনি।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদও উপস্থিত ছিলেন।