ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান-২ এলাকার মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ড. মুহাম্মদ ইউনূস ওই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
যে কেন্দ্রে প্রধান উপদেষ্টা ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,
দাঁড়িপাল্লা প্রতীকে স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকে মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকে এস. এম. আবুল কালাম আজাদ, ডাব প্রতীকে মো. শামীম আহমদ, মোরগ প্রতীকে কাজী এনায়েত উল্লাহ এবং লাঙ্গল প্রতীকে আতিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া বাইসাইকেল প্রতীকে তপু রায়হান, ময়ূর প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকে মনজুর হুমায়ুন এবং কাঁঠাল প্রতীকে কামরুল হাসান নাসিম নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রধান উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে ওই কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।