অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মেও ভাষণটি প্রচার করা হবে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ভোটগ্রহণের আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। সে সময় ভাষণের দিনক্ষণ নির্দিষ্ট করে জানানো হয়নি।
সেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ তথ্য জানিয়েছিলেন।