ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এ পরিপ্রেক্ষিতে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মীয় বিধান অনুযায়ী প্রার্থনার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।