ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, জলবিদ্যুৎ, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ–জলবায়ু এবং শিক্ষাখাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ–ভুটান সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার বিষয়ে দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছানোর পরপরই ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়ার পর তিনি কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।
আজ সকালে ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দুই দিনের এ সফরকে বাংলাদেশ ও ভুটানের ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্ব জোরদারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।