মুন্সিগঞ্জ প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভালো রয়েছে। এ অবস্থা বজায় থাকলে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা অব্যাহত থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার এবং উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সিরাজদিখান, মুন্সিগঞ্জের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ডরমেটরি ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে।