প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ ও যুবকরা দেশের মূল চালিকাশক্তি। তারা যদি দেশের পক্ষে জেগে ওঠে, তবে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবে না। এর বাস্তব প্রমাণ পাওয়া গেছে জুলাই মাসের গণঅভ্যুত্থানে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তবে তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তরুণরাই দেশকে সমৃদ্ধ করার মূল কারিগর। তরুণদের দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, তরুণ ও যুবকদের স্বাবলম্বী করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে, আর সেই শক্তিকে সরকার দেশ গঠনে কাজে লাগাতে চায়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন তরুণকে পুরস্কৃত করা হয়। প্রতিজনকে দেওয়া হয় নগদ এক লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট ও একটি সার্টিফিকেট।
যুব উন্নয়ন ও কর্মসংস্থান ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।
শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে সম্মাননা পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।
দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার জন্য পদক পেয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব, রাজশাহীর হাসান শেখ, লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন।
এছাড়া ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তরুণদের স্বপ্ন ও সৃজনশীলতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন বক্তারা।