গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলায় লাল রঙের শার্ট পরা এক ব্যক্তিকে চিহ্নিত করে কঠোর মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে—গাঢ় লাল শার্ট পরা এক ব্যক্তি নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করতে পারলেই অনেক কিছু জানা যাবে।”
তিনি লিখেছেন, ওই হামলাকারীকে শনাক্ত করা গেলে বোঝা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করতে চাইছে এবং এর পেছনের উদ্দেশ্য কী। একইসঙ্গে তিনি নূরের ওপর নৃশংস হামলার নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার পর রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূরসহ শীর্ষ নেতারা। ঠিক সেই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নূরসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।
এর আগে সন্ধ্যায় কাকরাইল ও বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সাংবাদিকসহ বহু মানুষ আহত হন।