সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়া এই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমানও। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে,
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নে উল্লিখিত ২৫ জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।”
এই নিয়োগে অন্তর্ভুক্ত আছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন জ্যেষ্ঠ আইনজীবী।
প্রসঙ্গত, বিচার বিভাগের গুরুত্বপূর্ণ এই পদগুলোতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বহুবার উঠেছে। এবার নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে সরাসরি রাজনৈতিক যোগসূত্র থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্তি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে এনসিপি নেতা সারজিস আলমের সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক থাকা একজনকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে।