সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করা এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, জাতীয় ঐক্যের কথা বলা হলেও সেই ঐক্য কেন নষ্ট হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্দিষ্ট তারিখ ঘোষণা করে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। অতীতেও সরকার পতনের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় নানা কর্মসূচি ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটলেও তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি আওয়ামী লীগ।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। একইভাবে ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টাও সফল হয়নি বলে দাবি করেন তিনি। শেখ হাসিনার আর বাংলাদেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন এবি পার্টির এই নেতা।
সরকারের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশে আগে থেকেই জাতীয় ঐক্য ছিল। কিন্তু সেই ঐক্য কেন বিনষ্ট হয়েছে, তার কারণ খুঁজে বের করতে হবে। সরকার বিএনপির ৩১ দফা, বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি এবং নিজেদের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগও তোলেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত নিজেদের কর্মকাণ্ডের আত্মসমালোচনা করা। যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডে রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করা প্রয়োজন। ইতিহাসে নাৎসি বাহিনীর অপরাধের বিচারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সহযোগিতা করতে এবি পার্টি প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজিবি ও পুলিশ সদস্যদের ওপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতার ধারাবাহিকতা রয়েছে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী।
এ ছাড়া সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।