নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি বাবা-মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন এই ছাত্রনেতা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে রাফি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খান তালাত মাহমুদ রাফি।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনায় তাদের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সে সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা।
রাফির অভিযোগ, একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় ফেলে যায় দুর্বৃত্তরা। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে এসে আগুন দেখতে পান। পরে তার চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় রাফির বাবা-মায়ের ঘুম ভাঙে এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় মাছ ধরার একটি ঠেলা জালের একাংশ পুড়ে গেছে। জালটির ওপরেই ছিল বাড়ির বিদ্যুতের মিটার। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রাফি।