আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এখানে বিপুল জনসমাগমের আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ।
উদযাপন অনুষ্ঠানে সকাল ১১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। টং-এর পরিবেশনার মাধ্যমে সূচনা হবে দিনের আয়োজনের, এরপর একে একে সাইমুম ও কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদ, তাশফির, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড পারফর্ম করবেন। দুপুর ২টা ২৫ মিনিটে উদযাপন হবে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’।
পলায়ন ক্ষণ উদযাপনের পর শুরু হবে দ্বিতীয় ধাপের কনসার্ট। অংশ নেবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ। মাগরিবের নামাজের পর রাতের শেষ পর্বে থাকছে বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশা ও এলিটা করিমের পরিবেশনা। রাতের সবচেয়ে আকর্ষণীয় পর্বে থাকবে ড্রোন শো এবং ব্যান্ড আর্টসেলের পরিবেশনা।
জুলাই ঘোষণাপত্রকে ঘিরে সারা দেশের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ঘোষণাপত্র কী বার্তা বয়ে আনে, সেটিই এখন সবার প্রতীক্ষিত প্রশ্ন।