অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক সমর্থন অর্জন এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে।
ব্রিটেন সফরকালে ড. ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে সাক্ষাৎ করবেন এবং কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া ১১ জুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরে তিনি চ্যাথাম হাউজের একটি সংলাপেও অংশ নেবেন।
ঢাকা-লন্ডন কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় রোহিঙ্গা সংকট, অর্থপাচার রোধ, বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। উল্লেখযোগ্যভাবে, সাবেক সরকারের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে যুক্তরাজ্যে সম্পদ কেনার তথ্য সরকারের হাতে রয়েছে। এ বিষয়ে ব্রিটেনের সহায়তা চাইতে পারেন ড. ইউনূস।
অন্যদিকে, ব্রিটেন বাংলাদেশকে চারটি উড়োজাহাজ বিক্রির আগের প্রস্তাব স্মরণ করিয়ে দিতে পারে এবং সেই আলোচনা পুনরায় শুরু করতে চায় বলেও জানা গেছে।
ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত নয়টি দেশ সফর করলেও এটি প্রথম পূর্ণাঙ্গ সরকারি সফর। তিনি এর আগে জাতিসংঘ অধিবেশন, কপ-২৯, ডি-৮ সম্মেলন, দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সফর করেন।
১৪ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।