জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিলো আদালত।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতে দুদকের পক্ষে আবেদনটি দাখিল করেন সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদনে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে।
দুদক দাবি করেছে, তানভীর নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাতে আবেদনে উল্লেখ করা হয়, তানভীর যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাই তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা এবং এনআইডি ব্লক করার প্রয়োজন দেখা দিয়েছে।
আদালতের এই আদেশে তানভীরের চলাফেরায় বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হলো। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছে, এটি দুর্নীতিবিরোধী লড়াইয়ের বড় অগ্রগতি, কেউ আবার রাজনৈতিক উদ্দেশ্যের আশঙ্কা করছেন।
তবে আপাতত নজর থাকবে দুদকের অনুসন্ধান কতদূর পর্যন্ত যায় এবং অভিযোগের প্রমাণ কতটা শক্তিশালী হয় তার ওপর।