বাংলাদেশকে কোনোভাবেই বর্বর ও মায়াহীন রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না — এমন দৃঢ় বার্তা দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, “বনের ভিতরে কোনো ধরনের দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। গাজীপুরের বনে ৮০ একর জায়গা উদ্ধার করতে আমাদের তিন মাস লেগেছে, তাই মন্ত্রণালয়গুলোকে একসাথে কাজ করতে হবে। সরকারকে আলাদা করে ভাবা ঠিক হবে না — ব্যক্তি স্বার্থ বা দলের স্বার্থ এখানে টানা যাবে না।”
উপদেষ্টা আরও বলেন, গারো পাহাড়ে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ধৈর্য ও আচরণের পরিবর্তন প্রয়োজন। “কারণ পাহাড়ে মানুষের আগে হাতির বসবাস। বন ও হাতির ক্ষতি করলে আমরা নিজেরাও বাঁচতে পারব না।”
তিনি বন বিভাগের সমালোচনা করে বলেন, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ লাগিয়ে গারো পাহাড়ের পরিবেশ নষ্ট করা হয়েছে। তিনি দ্রুত এসব গাছ অপসারণ করে হাতির উপযোগী প্রজাতির গাছ রোপণের নির্দেশ দেন।
এছাড়া, ইআরটি (ইমার্জেন্সি রেসপন্স টিম) টিমকে প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি, যাতে হাতি-মানব সংঘাত দ্রুত সমাধান করা যায়।
এসময় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকার চেক এবং ফসল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা চেক বিতরণ করা হয়। স্থানীয় জনগণ ও কর্মকর্তাদের সঙ্গে আলাপে উপদেষ্টা আশ্বাস দেন, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।