“যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে”— এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা লেখেন,
“BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে। You’re not one of them—just co-opted temporarily.”
রাজনৈতিক শিবিরে এই বক্তব্যকে সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন অনেকে। এমন এক সময়ে এই মন্তব্য এল, যখন একদিকে বিএনপি ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সরকার ও উপদেষ্টাদের বিরুদ্ধে একাধিকবার কঠোর সমালোচনা করছে, অপরদিকে ক্ষমতার অলিন্দেও চলছে অভ্যন্তরীণ মতবিরোধের চাপানউতোর।
আসিফ মাহমুদ আরও বলেন,
“আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য—কোনটাই ইতিবাচক পথে যাবে না আরকি।”
পোস্টের শেষাংশে নিরাশার সুরে উপদেষ্টা লেখেন, “স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।”
এই মন্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং বর্তমান রাজনৈতিক কাঠামোর গভীর অসঙ্গতি এবং অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিভক্তিরও ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখযোগ্যভাবে, একই দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—এমন তথ্যও একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, এক পক্ষ প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে ঘিরে সংলাপের পথ খুঁজছে, অন্যদিকে অন্য পক্ষ থেকে আসে শ্লেষপূর্ণ এই বার্তা। যা এই সরকারের ঐক্য এবং দীর্ঘস্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই ধরণের বক্তব্য কতটা রাজনৈতিক বার্তা বহন করে তা সময়ই বলবে। তবে, উপদেষ্টার এমন স্পষ্ট ও প্রকাশ্য পোস্টকে নিছক একটি স্ট্যাটাস হিসেবে দেখছে না কেউই।