বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এ সমাবেশ শুরু হয়।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাক স্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
সবশেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।