সরকার ১১ দলীয় ঐক্যের লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।”
লংমার্চ যেকোনো বাধা অতিক্রম করে চট্টগ্রামে পৌঁছাবে উল্লেখ করে তিনি বলেন, “এই সকালবেলা আমরা উপস্থিত হয়েছি ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লংমার্চে। এই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হতে যাচ্ছে।
আমরা ঢাকাবাসীর কাছ থেকে বিদায় নিতে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আজ যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আমাদের এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবেই, ইনশাআল্লাহ।”
২০২৪ সালের ৫ আগস্টের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সেদিন সারা দেশের মানুষ ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়েছে নতুন করে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই পথ বন্ধ করতে।
তিনি বলেন, “আমাদের এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে এই লংমার্চ। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ।”
লংমার্চে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এই লংমার্চ কোনো ১১ দলের নয়, এই লংমার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের।”