সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ […]

সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ২২:০৪

বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান বলেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

এ সময় জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য।

তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে না; বরং দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের মাধ্যমেই তা গড়ে ওঠে।

চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করা রোগীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’। সম্মেলনে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সম্মেলনটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ চিকিৎসা সেবার মানোন্নয়নে কার্যকর সুপারিশ প্রণয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। সম্মেলন আয়োজনের জন্য সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে রোগীর সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।