তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত রক্ষা পায়নি। আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও নিজেদের রক্ষা করতে পারে না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অনেক সাংবাদিকের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, মামলা দেয়া হয়েছে। অনেক মিডিয়া কেড়ে নেয়া হয়েছে। এত কিছু করার পরেও তারা কি রক্ষা পেয়েছে? ফ্যাসিস্টরা রক্ষা পায়নি।’
সাংবাদিকদের উদ্দেশে পার্থ বলেন, ‘আমি সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে সবসময় উন্মুক্ত। কাউকে জোর করে প্রেসার দিয়ে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে। সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা পাশে থাকবেন—এটাই প্রত্যাশা করি।’
তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন বরাদ্দ জনগণের উন্নয়নের জন্য আসে। এসব বরাদ্দ সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না এবং টেকসই উন্নয়নে কাজে লাগছে কি না, সাংবাদিকদের সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।’
পার্থ বলেন, ‘অযথা বা অহেতুক আপনার কলমের মাধ্যমে যেন কারও সম্মান নষ্ট না হয়, সেটিও মনে রাখতে হবে।’
তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা না হলে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে না।’
ভোলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলি—আমি আপনাদের সন্তান হিসেবে বেড়ে উঠেছি। আপনারাই বলেন, আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান।’
তিনি আরও বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে নিয়েই কাজ করব। আমার কাছে কোনো দল-মত নেই। আমি সবার, সবাই আমার। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, রাস্তাঘাটসহ সব উন্নয়নই হবে। তবে এসব উন্নয়ন একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে করা হবে।’
ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, সাংবাদিক
আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।