ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রয়োজন হলে ইরানে আবারও হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে রাতভর চালানো মার্কিন হামলা ছিল ‘ভয়াবহ’। ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরান এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যা ব্যবহার করে সমুদ্রে মাইন স্থাপন করা সম্ভব। তবে মার্কিন বাহিনী সেই রকেট ধ্বংস করেছে। পাশাপাশি ইরান ক্ষতিগ্রস্ত রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনরায় সচল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত রাতের হামলা ছিল খুবই ভয়াবহ। আমরা যখন চাই, তখনই আবার হামলা চালাতে প্রস্তুত।’
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও জানান ট্রাম্প।
হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে এবং এর অনেকগুলোকে যুক্তরাষ্ট্র থামিয়ে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও সক্ষমতা লক্ষ্য করে নতুন দফার হামলা শেষ করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের দাবি, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা, সামুদ্রিক সামরিক সরঞ্জাম ও স্থাপনা, সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
সূত্র: শাফাক নিউজ
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?