অতীতের কর্মকাণ্ড থেকে শেখ হাসিনা শিক্ষা নেননি বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের লেখা ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাতৃভাষা প্রকাশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইতিহাসে স্বৈরশাসকদের পরিণতির উদাহরণ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, হিটলারসহ বিভিন্ন শাসক অতীতের ঘটনা থেকে শিক্ষা নেননি। ফলে তাদের পরিণতিও ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি। জনগণের ম্যান্ডেট হারানোর কারণেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, শক্তি প্রয়োগ কিংবা আইন করে সত্য, চিন্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। ফ্যাসিবাদী মানসিকতা সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ বা জনগণকে বিভ্রান্ত করতে পারলেও চিরতরে সত্যকে আটকে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, প্রকৃতি ও স্রষ্টার নিয়ম নিজস্ব গতিতে চলে। ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইটি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মানসিকতার বিরুদ্ধে ঐতিহাসিক সত্যের একটি দলিল।
রাজনৈতিক নিপীড়ন ও নানা নিষেধাজ্ঞার মধ্যেও তারেক রহমান ও তার পরিবারের আত্মত্যাগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তাদের ত্যাগ গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও রাজনৈতিক স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
এ ছাড়া বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব। বইটির লেখক ইমরুল কায়েসও অনুষ্ঠানে নিজের অনুভূতি তুলে ধরেন।