ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘কিছু সময় দিন, সবাই মিলে প্রজন্মকে বদলে দেব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবনে উৎকর্ষই ছিল প্রধান বিষয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের চেষ্টা করতে হবে। এর মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।
পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাঁকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে তা জীবনে বাস্তবায়নের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মহানবী (সা.) যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে দূরে থাকার অনুরোধ করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন থেকে দেখা যায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণে নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।
প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন মানুষকে ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
আলোচনা সভায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।