সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সমর্থন বা প্রশংসা করেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার অধিকার নেই। তার ভাষায়, সাকিবের নাম ও রেকর্ড ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হলেও বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না।
পোস্টে শফিকুল আলম দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, বর্ণবাদী শাসনামলে খেলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়লেও তাদের বিরুদ্ধে রক্তপাত বা দুর্নীতির অভিযোগ ছিল না।
তিনি আরও অভিযোগ করেন, সাকিব আল হাসান এমন একটি রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমর্থন দেখিয়েছেন, যার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম লেখেন, মানবতাবিরোধী অপরাধ বা ফ্যাসিবাদী শাসনের সমর্থকদের ক্রীড়া নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজন নেই। তার মতে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো শাসনব্যবস্থার প্রতি সমর্থন প্রদর্শনকারীদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
পোস্টের শেষাংশে তিনি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ওই ঘটনায় বিভিন্ন ক্রীড়া অঙ্গনের কয়েকজন ব্যক্তিও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাদের জন্য কেউ ক্ষমা চায়নি উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সমর্থন করেও দায় এড়ানো সম্ভব নয়।
উল্লেখ্য, শফিকুল আলমের এসব বক্তব্য তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেওয়া মতামত।