জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় সমালোচনা করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আবু সাঈদের ছবি ছাড়া এমন নির্মাণকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত ডকুমেন্টারিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। তার ভাষায়, “প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতীক। তার ছবি না থাকলে সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না।” তিনি আরও বলেন, খালেদা জিয়ার ছবিও এতে থাকা উচিত ছিল।
তিনি জানান, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী বিরোধ বা ওয়াকআউটের মতো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। সরকারের কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তিনি মন্তব্য করেন, “আমরা আওয়ামী লীগ হতে পারব না। ভুল হলে তা শুধরে নেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে।”
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক ডকুমেন্টারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একাংশ। তাদের অভিযোগ, এতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।
ডকুমেন্টারি প্রদর্শন শেষে মিলনায়তজুড়ে প্রতিবাদের সৃষ্টি হলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।