ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।