মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। তাঁর দাবি, এ ধরনের বক্তব্য মূলত দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে। তাঁর অভিযোগ, গণতন্ত্রের পরিবর্তে দলটি ফ্যাসিবাদী শাসনের পথে এগিয়েছিল এবং এ কারণে দেশ-বিদেশে তাদের গ্রহণযোগ্যতা কমেছে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ছিল ভুল এবং দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।
প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে সক্রিয় না থাকলেও তাদের সমর্থকরা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অবস্থান করছেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দলটির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই। তবে গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল এবং সাংবাদিক জাকির হোসেন লিটন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।