রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের জন্য সময় চাওয়া হবে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে সিনিয়র সচিবের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ইসি সচিব জানান, স্পিকারের সঙ্গে বৈঠকের পর তফসিল ঘোষণার পরবর্তী প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন করবে নির্বাচন কমিশন।