সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়তে পারেন। এরপর রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’য় বসবাস করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সরেজমিনে গুলশানের ওই বাসভবনে গিয়ে দেখা যায়, চারপাশে ছিল শান্ত পরিবেশ। বাসার ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। এ সময় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মীদের নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ করতে দেখা যায়।
বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম জানান, তিন থেকে চার দিন আগে মো. সাহাবুদ্দিন বাসাটি পরিদর্শনে এসেছিলেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক ব্যক্তি ছিলেন। সেদিন তিনি দুপুরের আগে বাসায় এসে রাত পর্যন্ত অবস্থান করেন।
তিনি আরও জানান, বাসার পঞ্চম তলায় সাবেক রাষ্ট্রপতির থাকার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া বাসার প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য প্রস্তুতির কাজও সম্পন্ন করা হয়েছে।
বিটিসিএলের টেলিফোন সংযোগ স্থাপনের দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বাসাটিতে নতুন টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল।
এদিকে, বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে তার সঙ্গে কর্মরত কর্মকর্তারা কয়েক দিন আগেই অবগত হন। তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ত্যাগের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার মনোনীত কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত মালামালও গুছিয়ে নিয়েছেন।