ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, সেটিই প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত যেন তাদের জনগণের উদ্বেগ ও দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়, বাংলাদেশ সেই প্রত্যাশাই করে।