প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি জানান, ২০২৮ সালের শুরুতে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যেখানে বদলিনীতি অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, বদলি ব্যবস্থাকে স্থানীয়করণ করা হয়েছে এবং নতুন নীতিমালা আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক প্রভাবের কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫–কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ববি হাজ্জাজ আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে এ কর্মসূচি চালু করা হতে পারে।
এ ছাড়া আগামী আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।