অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুজব ও অপপ্রচার এড়িয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং সর্বক্ষেত্রে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশে কর্মরত বিজিবি সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।